ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ : কী, কেন ও কীভাবে?
একীভূতকরণ একীভূতকরণ বা ‘মার্জার’ হলো দুই বা ততোধিক কোম্পানির একত্রীকরণ। এর ফলে নতুন কোম্পানি সৃষ্টি হতে পারে; আবার আকারে ছোট কোনো কোম্পানি বড় কোম্পানির সঙ্গে একীভূত হলে বড় কোম্পানির সঙ্গে ছোট কোম্পানির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। একীভূতকরণ দুই প্রকার হতে পারে। এক. ভার্টিক্যাল একীভূতকরণ। এ ক্ষেত্রে একই ব্যবসায় নিয়োজিত দুটি কোম্পানি একীভূত হয়। যেমন একটি কর্মাশিয়াল ব্যাংকের সঙ্গে সমজাতীয় একটি ব্যাংকের একীভূতকরণ। দুই. হরাইজনটাল একীভূতকরণ। এ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবসায় নিয়োজিত দুটি কোম্পানি একীভূত হয়। যেমন একটি ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির একীভূতকরণ। আরও এক ধরনের একীভূতকরণ রয়েছে, যাকে বলা হয় অ্যামালগামেশন। ইংরেজি ‘মার্জার’ ও ‘অ্যামালগামেশন’ শব্দদ্বয়কে বাংলা করলে একই অর্থ দাঁড়ায়– একীভূতকরণ বা একত্রীকরণ। কিন্তু মার্জার ও অ্যামালগামেশনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। অ্যামালগামেশন এমন একটি একত্রীকরণ পদ্ধতি, যেখানে দুটি সমমানের কোম্পানি এক হয়ে নতুন একটি কোম্পানির অস্তিত্ব সৃষ্টি করে। এ ক্ষেত্রে সৃষ্ট নতুন কোম্পানির শেয়ার অ্যামালগামেটেড কোম্পানিগুল...